সাতক্ষীরা পৌরসভা ও কলারোয়া পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়রপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ১০ জন সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছেন সাতজন এবং কলারোয়া পৌরসভা নির্বাচনের জন্য তিনজন।গত ১ ডিসেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদন আহ্বান করে ৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় বেঁধে দেয় জেলা আওয়ামী লীগ। শনিবার (৫ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিগত কমিটির দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন দলীয় নেতারা।
সাতক্ষীরা পৌরসভার মেয়রপদের জন্য আবেদন করেছেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরা, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ স্বপন, ও দুবাই প্রবাসী শ্রমিক লীগ নেতা মাহমুদুল আলম।কলারোয়া পৌরসভার মেয়রপদের জন্য আবেদন করেছেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল।
শেখ হারুন-উর-রশিদ বলেন, আজ শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং নয় ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ ২০ জন এবং সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক এবং নয় ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ ২০ জনকে নিয়ে বিশেষ বর্ধিতসভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।